এইমাত্র পাওয়া

প্রথম দিন অনুপস্থিত দেড় লাখ শিক্ষার্থী

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও এবতেদায়ি পরীক্ষা গতকাল রবিবার থেকে শুরু হয়েছে। উভয় মাধ্যমেরই গতকাল ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে প্রথমদিনই অনুপস্থিত ছিল মোট ১ লাখ ৪৩ হাজার ৯৫৭ শিক্ষার্থী। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, এবার পিইসিতে মোট ২৫ লাখ ৫৫ হাজার ৯৫ শিক্ষার্থীর মধ্যে গতকাল পরীক্ষায় অংশ নিয়েছে ২৪ লাখ ৫৭ হাজার ৪৯৩ জন। অনুপস্থিত ৯৭ হাজার ৬০২ জন। অন্যদিকে এবতেদায়ির ৩ লাখ ৫৩ হাজার ৯৫ শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৩ লাখ ৬ হাজার ৭৪০ জন, ৪৬ হাজার ৩৫৫ জন অনুপস্থিত। এ ছাড়া ১১ এবতেদায়ি শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল সকালে পরীক্ষা শুরুর আগে রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজকেন্দ্র পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম-আল-হোসেন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এএফএম মনজুর কাদির উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের গুজবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। সারাদেশে পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠিত হচ্ছে। মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাসহ

মাঠপর্যায়ের কর্মকর্তারা সারাদেশে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করছেন। তাদের মাধ্যমে সার্বক্ষণিকভাবে পরীক্ষার খোঁজখবর নেওয়া হচ্ছে। কোথাও প্রশ্নপত্র ফাঁস হওয়ার খবর পাওয়া যায়নি। গুজবের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্কতা ও আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে।’ পরে প্রতিমন্ত্রী ও সচিব মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।

পিইসি ও এবতেদায়িতে আজ অনুষ্ঠিত হবে বাংলা পরীক্ষা। আগামী ২৪ নভেম্বর পর্যন্ত চলবে এই পরীক্ষা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.