প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, সারা দেশে কোথাও কোনো প্রশ্নপত্র ফাঁস হওয়ার খবর পাওয়া যায়নি। তবে গুজবের বিরুদ্ধে কঠোর নজরদারি রাখা হচ্ছে।
রোববার (১৭ নভেম্বর) রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে গুজবের বিরুদ্ধে সতর্ক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠিত হচ্ছে জানিয়ে তিনি আরো বলেন, মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারাসহ মাঠ পর্যায়ের কর্মকর্তারা পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করছেন। আর তাদের মধ্যেমেই প্রতিটি মুহূর্তে পরীক্ষার খোঁজখবর নেওয়া হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন- প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম আল হোসেন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এএফএম মনজুর কাদির।
পরে প্রতিমন্ত্রী ও সচিব মতিঝিলে আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
উল্লেখ্য, সারাদেশে মোট ৭ হাজার ৪৭০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ।এর মধ্যে দেশের বাহিরে ১২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এবছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৫ লাখ ৫৩ হাজার, ২৬৭ জন ছাত্র-ছাত্রী অংশ নিয়েছে। এর মধ্যে ছাত্র সংখ্যা ১১ লাখ ৮১ হাজার ৩০০ জন ও ছাত্রী সংখ্যা ১৩ লাখ ৭১ হাজার ৯৬৭ জন। ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩ লাখ ৫০ হাজার ৩৭১ জন পরীক্ষার্থী অংশ নিবে যার মধ্যে ছাত্র সংখ্যা ১ লাখ ৮৭ হাজার ৮২ এবং ছাত্রী সংখ্যা ১লাখ ৬৩ হাজার ২৮৯ জন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল