এইমাত্র পাওয়া

জাবি শিক্ষক সমিতি থেকে ৪ জনের পদত্যাগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উপাচার্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক সোহেল রানাসহ বেশ কয়েকজন সমিতি থেকে পদত্যাগ করেছেন। আপাতত চারজনের বিষয় নিশ্চিত হওয়া গেছে।

পদত্যাগ করা অন্য তিনজন হলেন- সমিতির কোষাধ্যক্ষ অধ্যাপক মনোয়ার হোসেন তুহিন, সদস্য অধ্যাপক মাহবুব কবির ও সদস্য অধ্যাপক সাঈদ ফেরদৌস। ৫ নভেম্বর, মঙ্গলবার সন্ধ্যায় তারা পদত্যাগ করেন।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক সোহেল রানা বলেন, ‘আপাতত আমরা চারজন পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি আরো অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমরা শিক্ষক সমিতির সভাপতির কাছে শিগগিরই পদত্যাগ পত্র জমা দেব।’

এর আগে, দুর্নীতির অভিযোগে জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

হামলার ঘটনার পরে এক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, ‘আমার সহকর্মী ও ছাত্রলীগ কর্মীদের এ গণ অভ্যুত্থানের জন্য ধন্যবাদ। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন খুলে দেওয়া হয়েছে। এখন থেকে বিশ্ববিদ্যালয় তার স্বাভাবিক গতিতে চলবে।’

হামলায় ৮ শিক্ষক, ৪ সাংবাদিক সহ অন্তত ৩৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া দায়িত্ব পালন করার সময় চার সাংবাদিককেও মারধর করে আহত করেছে ছাত্রলীগ কর্মীরা।

আহতদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। আটজনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানান জাবি চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক ডা. রেজওয়ানুর রহমান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.