নিজস্ব প্রতিবেদক :
চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা আজ শনিবার (২ নভেম্বর) থেকে শুরু হয়েছে। এবার সারা দেশে মোট ২৯ হাজার ২৬২টি পরীক্ষা কেন্দ্রে জেএসসি-জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
গত বছর ২৯ হাজার ৬৭৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এবার সারাদেশে মোট ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। এর মধ্যে ১২ লাখ ২১ হাজার ৬৯৫ জন ছাত্র ও ১৪ লাখ ৩৯ হাজার ৯৮৭ জন ছাত্রী রয়েছে। ২০১৯ সালের জেএসডি পরীক্ষায় অনিয়মিত ২ লাখ ৩৩ হাজার ৩১০ জন ও জেডিসি পরীক্ষায় ৩০ হাজার ২৯১ জন পরীক্ষার্থী রয়েছে।
এবারের পরীক্ষায় এক, দুই ও তিন বিষয়ে অকৃতকার্য জেএসসিতে দুই লাখ ১১ হাজার ৩৩২ জন ও জেডিসিতে ২১ হাজার ৯৭৮ জন শিক্ষার্থী রয়েছে। এ ছাড়া বিদেশের মোট ৯টি কেন্দ্রে ৪৫৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষায় সাতটি বিষয়ে ৬৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে। ইংরেজি ছাড়া সকল বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা চলাকালীন ১৫ নভেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁস নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে জেএসসি ও জেডিসি পরীক্ষা নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানিয়েছেন।
মন্ত্রী বলেছেন , এই পরীক্ষা নিয়ে আমাদের বিশেষ টিম কাজ করবে। বিশেষ নজরদারী চালু আছে। তবে আমি বলতে চাই এখন প্রশ্নফাঁস না হয়ে একটি চক্র প্রশ্ন ফাঁসের গুজব ছড়ায়। বিভিন্ন ধরণের প্রতারণার মাধ্যমে অভিভাবক বা পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়ের ফন্দি করে। অভিভাবকরা যেনো কোনো ভাবেই এসব প্রতারণার ফাঁদে না পড়ে।
তিনি বলেন, পরীক্ষার আগে অভিভাবকরা পরীক্ষার্থীদের যেনো কোনো অনৈতিক পন্থার দিকে পরিচয় না করে দিয়ে তার সন্তান যেন সুস্থ থেকে পরীক্ষা দিতে পারে সেদিকে খেয়াল রাখে।
মন্ত্রী বলেন, `পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। যদি কেউ এ সময়ের পরে আসে তবে তার কারণ ও যাবতীয় তথ্য লিখে কেন্দ্রে প্রবেশ করতে দিতে হবে। সেই তথ্য পরীক্ষা শেষে সংশ্লিষ্ট বোর্ডে পাঠাতে হবে।` তিনি বলেন, `২ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত জেএসসি-জেডিসি পরীক্ষা চলাকালে সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।`
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল